ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন দুই আর্জেন্টিনা সমর্থক, ভিডিও ভাইরাল

ফুটবল বিশ্বকাপে হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়ের পর প্রতিশ্রুতি রক্ষা করতে মাথা ন্যাড়া করেছেন দুই আর্জেন্টিনা সমর্থক। শনিবার পটুয়াখালী শহরের কাজীপাড়া ও জামালপুরের বকশীগঞ্জে পৃথকভাবে এই ঘটনা ঘটে।

পটুয়াখালীতে মাথা ন্যাড়া করা যুবক শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা কাজী রাফি। ফুটবল বিশ্বকাপে তিনি আর্জেন্টিনা দলের সমর্থক। তার মাথা ন্যাড়া করার ভিডিও ও ছবি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে রাফি তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে ঘোষণা করেন, শনিবারের ম্যাচে ব্রাজিল যদি হাইতির সঙ্গে জিততে পারে, তাহলে নিজের মাথা ন্যাড়া করে ফেলবেন।

এদিকে জামালপুরের বকশীগঞ্জে মাথা ন্যাড়া করা আর্জেন্টিনার সমর্থকের নাম ফয়সাল আহমেদ জুমান (২২)। গত ১৯ জুন রাতে নিজের ফেসবুক আইডিতে ফয়সাল আহমেদ জুমান লিখেছিলেন, হাইতির সঙ্গে ব্রাজিল হারবে। যদি ব্রাজিল জেতে, তাহলে তিনি মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন।

শনিবার সকালে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ম্যাচে হাইতিকে ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে জয়লাভ করে ব্রাজিল। খেলা শেষে বকশীগঞ্জের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকেরা ওই যুবকের বাসায় গিয়ে ভিড় জমান। পরে ফয়সাল ফেসবুকে দেওয়া কথা রাখতে বাধ্য হয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে বাসা থেকে বের হন। তিনি স্থানীয় বাজারে এসে স্বেচ্ছায় ব্রাজিল সমর্থকদের সামনে মাথা ন্যাড়া করেন।

চ্যালেঞ্জ পূরণের পর ফয়সাল আহমেদ জুমান বলেন, খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি আর্জেন্টিনার সমর্থক। আমার অনেক বন্ধু ব্রাজিল সমর্থক। আমি মজা করেই তাদের সঙ্গে এই বাজি ধরেছিলাম। ব্রাজিল জিতেছে, আমি আমার কথা রেখেছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন