শেরপুরে পোলিং এজেন্টের বাইরে কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এরমধ্যে একটি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হয়েছে। ওই বইটিতে ধানের শীষ প্রতীকে কিছু ভোট দেয়া ছিল। এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পর প্রশাসনকে জানানো হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে পৌঁছেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শেরপুর-১ (সদর) আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৫টি। এর মধ্যে ২৪টি অধিক গুরুত্বপূর্ণ, ৪০টি গুরুত্বপূর্ণ এবং ৮১টি সাধারণ কেন্দ্র। সদর উপজেলার ১৪৫টি কেন্দ্রেই ভোটগ্রহণ চলছে।
সূত্র:আমারদেশ