- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

চা বাগানে নির্বাচনী উৎসবমুখর পরিবেশে পাঁচ প্যানেলের ইশতেহার

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজারসহ দেশের চা বাগান অধ্যুষিত জেলাগুলোতে ব্যাপক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ৯ বছর পর আগামী ২৮ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ঘনিয়ে আসায় শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্যানেল প্রার্থীদের সমর্থকরা।

বুধবার বিকেলে শ্রীমঙ্গলের লেবার হাউস থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচটি প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। শ্রমিকদের অধিকার আদায় ও সার্বিক কল্যাণের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে প্যানেলগুলো তাদের এই ইশতেহার প্রকাশ করে।

এবারের নির্বাচনে সভাপতি পদে দুটি এবং সাধারণ সম্পাদক পদে তিনটি প্যানেল মুখোমুখি লড়ছে। সেগুলো হচ্ছে–
প্যানেল সভাপতি পদে লড়বেন রাজু গোয়ালা। প্যানেলে অন্যদের মাঝে কার্যকরী সভাপতি পদে শিমুল কর্মকার, সহসভাপতি মিঠুন কালোয়ার এবং পুরুষ সহসভাপতি পদে মিঠুন সিং রয়েছেন।

পঙ্কজ কন্দের প্যানেলে তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই প্যানেলে কার্যকরী সভাপতি পদে জেসমিন আক্তার, পুরুষ সহসভাপতি পদে নির্মল পাইনকা এবং নারী সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুভদ্রা মুণ্ডা।

নিপেন পাল প্যানেলের (সাধারণ সম্পাদক পদ) যুগ্ম সাধারণ সম্পাদক পদে হারুনুর রশিদ, সহসম্পাদিকা পদে রেখা বাগতী এবং অর্থ সম্পাদক পদে লড়ছেন অমর গোয়ালা।

পরেশ কালেন্দী প্যানেলে তিনি সাধারণ সম্পাদক পদে লড়বেন। এ প্যানেলে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে দনা বাউরী, সহসম্পাদিকা পদে বিন্ধা বাউরী এবং অর্থ সম্পাদক পদে স্বপন গোয়ালা।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুখেশ কর্মকার প্যানেলের প্রার্থীরা হলেন–যুগ্ম সাধারণ সম্পাদক পদে সঞ্জয় চৌহান, সহসম্পাদিকা পদে সোনামনি তাঁতি এবং অর্থ সম্পাদক পদে সনৎ গোয়ালা।

নির্বাচনী বিধি অনুযায়ী, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রধান প্রার্থীকে প্রদান করা ভোট তাদের প্যানেলের বাকি সদস্যদের পক্ষেও গণ্য করা হবে। বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক প্যানেল পরবর্তী সময়ে ৭টি ভ্যালি (অঞ্চল) থেকে যোগ্য নেতাদের অন্তর্ভুক্ত করে ৩০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করবে।

দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরী জানান, চা শ্রমিকরা আগের চেয়ে অনেক বেশি অধিকার সচেতন। নিয়মিত নির্বাচন, বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে আয়-ব্যয়ের হিসাব প্রদান, শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও ন্যায্য মজুরিসংক্রান্ত দাবি যে প্যানেলের ইশতেহারে বেশি গুরুত্ব পাবে, সাধারণ শ্রমিকরা তাদের পক্ষেই অবস্থান নেবেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক প্রার্থী (বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) নিপেন পাল বলেন, হাইকোর্টে মামলা জটিলতার কারণে নির্বাচন হতে কিছুটা বিলম্ব হয়েছিল। মামলা নিষ্পত্তির পর কমিশন গঠন করে নির্বাচনের আয়োজন করা হয়েছে। শ্রমিকদের পাশে আমরা সবসময় ছিলাম এবং আছি।

সভাপতি প্রার্থী রাজু গোয়ালা আশা প্রকাশ করে বলেন, চা শ্রমিকরা সুখ-দুঃখে যাদের পাশে পায়, তাদেরই জয়ী করে। তাই তাঁর প্যানেলের অবস্থান অত্যন্ত সুদৃঢ়। তবে অপর সভাপতি প্রার্থী পঙ্কজ কন্দ আত্মবিশ্বাসের সঙ্গে জানান, চা শ্রমিকরা কখনোই যোগ্য ও কাজের মানুষ বেছে নিতে ভুল করেন না। এবারও তারা ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব বেছে নেবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন