চা-বাগান থেকে গ্রাম—সময়ের আগেই স্কুলে শিক্ষক


হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুর্গম চা-বাগান ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সময়ানুবর্তিতার নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল ৯টার মধ্যে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা শিক্ষা অফিসের কঠোর তদারকিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে।”

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, থানা শিক্ষা অফিসার (টিও) ও সহকারী থানা শিক্ষা অফিসাররা (এটিও) নিয়মিত বিদ্যালয় পরিদর্শন করছেন। ফলে কাঁচা রাস্তা, প্রতিকূল আবহাওয়া ও দীর্ঘ পথ পাড়ি দিয়েও শিক্ষকরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন।”

সরেজমিনে সুরমা বাগান, হরিশ্যামা, নিজনগর, গোবিন্দপুর, রামপুর, বানেশ্বর, বাড়াচান্দুরা ও বিষ্ণুপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ বিদ্যালয়ে সময়মতো পাঠদান শুরু হচ্ছে।”

পরিবর্তনের ছোঁয়া লেগেছে সুরমা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়দলিয়া-জগদীশপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে।”

স্থানীয় চা-শ্রমিক রহিম মিয়া বলেন, “এখন শিক্ষকরা নিয়মিত সময়মতো আসেন। আমাদের সন্তানদের পড়াশোনাও আগের চেয়ে ভালো হচ্ছে।”

অভিভাবক সালমা আক্তারের ভাষ্য, “দুর্গম এলাকায় যাতায়াত কঠিন হলেও শিক্ষকরা ৯টার আগেই বিদ্যালয়ে পৌঁছে যান। শিক্ষা অফিসের তদারকির ফলেই এই পরিবর্তন এসেছে।”

স্থানীয় যুবক আব্দুল করিমের মতে, “আগে দেরিতে আসা স্বাভাবিক ছিল। এখন নিয়মিত মনিটরিংয়ের কারণে শিক্ষকদের মধ্যে শৃঙ্খলা বেড়েছে, শিক্ষার পরিবেশও উন্নত হয়েছে।”

সুরমা চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নয়ন চৌধুরী বলেন, “নিয়মিত তদারকি আমাদের দায়িত্বশীলতা আরও বাড়িয়েছে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমরা সরকারি নির্দেশনা অনুসরণ করছি।”

মাধবপুর উপজেলা শিক্ষা অফিসার এস. এম. জাকিরুল হাসান বলেন, সরকারের সময়ানুবর্তিতা নিশ্চিতকরণ উদ্যোগ শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ইতিবাচক প্রভাব উপজেলার প্রত্যন্ত চা-বাগান অঞ্চলসহ সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘমেয়াদে বজায় থাকবে।”

স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষা অফিসের এই তদারকি অব্যাহত থাকলে মাধবপুরের সব প্রাথমিক বিদ্যালয়ে একইভাবে শৃঙ্খলাপূর্ণ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত হবে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন