চাঁদাবাজমুক্ত সিলেট গড়ার শপথ গ্রহণ করেছি: মাহমুদুল হাসান

সিলেটের রাজনীতিতে পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে নেমেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি)। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর আম্বরখানা পয়েন্টে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি চাঁদাবাজমুক্ত, নিরাপদ ও মানবিক সিলেট গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মাহমুদুল হাসান বলেন,“সিলেটের মানুষ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলদারিত্ব ও ভয়ভীতির রাজনীতিতে অতিষ্ঠ। আমি স্পষ্টভাবে বলতে চাই—চাঁদাবাজির রাজনীতি বন্ধ করতেই আমরা রাজপথে নেমেছি। ক্ষমতার লোভ নয়, মানুষের নিরাপত্তা ও সম্মান ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।” তিনি বলেন,“রাজনীতি মানুষের সেবার জন্য। কেউ যদি মানুষের ঘামে ভেজা টাকা জোর করে কেড়ে নেয়, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই প্রকৃত দায়িত্ব। সিলেটের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের পথেই হাতপাখা এগিয়ে চলছে। পথসভায় উপস্থিত সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। অনেকেই হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তারা চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি সিলেট দেখতে চান।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর ও সিলেট-১ আসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা পথসভা শেষে আশপাশের এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করেন।

সভা থেকে আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, জয়েন্ট সেক্রেটার প্রভাষক বোরহান উদ্দিন, সংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ জাকির হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি যাখাওয়াত হোসেন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন