সাতক্ষীরা শহরে চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে উচ্চ মাধ্যমিকের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টা-পৌনে ১২টার দিকে শহরের প্রাণী সম্পদ হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুর রহমান।
নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় জাকারিয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রত্যাশী ছিল।
নিহতের ফুপাতো ভাই ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীন বলেন, “জাকারিয়া রাতে পশু হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। সেখানে এক ব্যক্তির সঙ্গে দোকানদারের কথা-কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে জাকারিয়া তা থামাতে এগিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা তাকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”
গুরুতর আহত জাকারিয়াকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) শহীদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
