চেয়ারম্যানের অনুপস্থিতিতে সরকারি চাল নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নে চেয়ারম্যানের অনুপস্থিতিতে সরকারি বরাদ্দের চাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারি বরাদ্দের চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশেদ আলমের অনুপস্থিতির সুযোগে যুবদল নেতা আব্দুল কাইয়ুম কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে ৪ বস্তা সরকারি চাল নিয়ে যান।

এ ঘটনার একটি ভিডিও ও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। ভিডিওটি প্রকাশের পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে এবং অনেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে আব্দুল কাইয়ুম বলেন, ৪ বস্তা চাল নেওয়ার বিষয়টি সঠিক নয়। ট্যাগ অফিসার এবং চেয়ারম্যান পরিষদ ত্যাগ করার কিছুক্ষণ পর ছাত্রদল, যুবদল ও স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে ৯টি ওয়ার্ডের সদস্য ও মহিলা সদস্যদের সামনে চাল বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর খুরশেদ আলম বলেন, তার অনুপস্থিতিতে কাইয়ুম কয়েকজন লোক নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে ৪ বস্তা সরকারি চাল নিয়ে গেছেন বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি তার কাছে একটি দুর্নামজনক ঘটনা বলে মন্তব্য করেন তিনি।

মাধবপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ এনায়েতউল্লাহ বলেন, দল দলের সিদ্ধান্তে চলে। কেউ ব্যক্তিগতভাবে কোনো কাজ করলে তার দায় দল নেবে না। এ ধরনের কাজ সম্পূর্ণ ভুল ও অন্যায়।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম বলেন, চেয়ারম্যানের দায়িত্ব উপকারভোগীদের মধ্যে সরকারি সহায়তা সুষমভাবে বিতরণ করা। এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি ত্রাণ সাধারণ মানুষের জন্য বরাদ্দ করা হয়। তাই এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে তা অত্যন্ত গুরুতর বিষয় হিসেবে বিবেচিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন