ছাতকে ১৫ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস, শাড়ি ও লেহেঙ্গাসহ জহিনূর (২৮) নামের এক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি সাদা রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত জহিনূর বিশ্বম্ভরপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. আতাবুরের পুত্র।
এসআরবি সূত্র জানায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে এসআরবি-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল ছাতক উপজেলা পরিষদের সামনে অবস্থানকালে গোপন সংবাদ পায়-ছাতক পৌরসভার পেপার মিল বাজারের একটি ভূসি মালের দোকানের সামনে পাকা রাস্তার ওপর একটি পিকআপে অবৈধ ভারতীয় মালামালসহ কয়েকজন অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে বিকালে আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছলে এসআরবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তার হেফাজতে অবৈধভাবে ভারত থেকে আনা প্রসাধনী ও পোশাক রয়েছে। পরবর্তীতে পিকআপে রাখা ১৪টি প্লাস্টিকের বস্তা থেকে ৩৭৩ পিস শাড়ি, ১৭পিস লেহেঙ্গা, ১৪৩৪পিস ফেসওয়াশ, ২৬৭পিস সানস্ক্রিন, ৪১০পিস ময়েশ্চারাইজার, ৬পিস শেকমার্ক মিল্ক, ৫ পিস প্রোটিন পাউডার উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্য ও পিকআপভ্যানের বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জহিনূর জানায়, পণ্যগুলো ভারত থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে এনে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল।
সিলেট এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে ও জব্দকৃত মালামাল ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি–৯ এর গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
