ছাতকে নদীর পাড় কেটে বালু উত্তোলন, ২৬ জনের নামে মামলা

ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের চেলা নদীর শাখা ‘চৈলতার ঢালা’ থেকে পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২৬ জনের নামে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় অজ্ঞাতনামা আরো ১০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বাদী হয়ে ছাতক থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের রহমতপুর, আলমপুর ও কাজিরগাঁও এবং দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত চেলা নদীর শাখা ‘চৈলতার ঢালা’ থেকে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।

পরিবেশ অধিদপ্তরের দাবি, ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ৮টার পর থেকে ভোর পর্যন্ত নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হয়েছে। এতে নদীর তীর, পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৬(ঙ), ১২ ও ১৫(১) অনুযায়ী মামলা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতে অভিযোগপত্র দাখিলসহ পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হবে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তরের করা মামলাটি থানায় রুজু করা হয়েছে। মামলাটির তদন্ত করবে পরিবেশ অধিদপ্তর। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন