ছাতকে উৎসব মুখর আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের দূর্বীণ শাহ মঞ্চে অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে ঐতিহ্যবাহী ইলিশ মাছ ও সিলেটের প্রিয় শুটকি ভর্তা দিয়ে পান্তা ভাত পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত সবার মধ্যে ছিল আনন্দ ও উৎসবের আমেজ।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ছাতক পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও ছাতক পৌর প্রশাসক ডিপ্লোম্যাসি চাকমা। প্রধান অতিথি বলেন, পুরনো সব দুঃখ-কষ্ট ভুলে নতুন বছরে নতুন আশা নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের সবাই কে। তিনি আরও বলেন, নববর্ষ আনন্দের হোক সবার মাঝে।

রেলওয়ে এলাকায় আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন হয়। এদিকে ছাতক রেলওয়ে মাঠে বাগবাড়ি যুব সংগের আয়োজনে তিনদিন ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের গ্রামীণ পণ্য, হস্তশিল্প এবং খাবারের দোকান বসেছে। দিনভর সেখানে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মেলায় তিনদিন ব্যাপী সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকার শিল্পী বৃন্দ সংগীত পরিবেশন করবে।

সব মিলিয়ে আনন্দ, ঐতিহ্য আর ইতিহাসের স্মৃতিকে ধারণ করে ছাতকে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন