ছাতকের ইসলামপুর ইউনিয়নের রহমতপুর উত্তরপাড়া এলাকায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহমতপুর উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধ মাটি ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর ও একটি হুইল লোডার জব্দ করে বিকল করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন, ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জনস্বার্থে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
