ছাত্রদলের মিছিলে সহিংস স্লোগানের অভিযোগ, শিবির সভাপতির নিন্দা-প্রতিবাদ ও হুশিয়ারি

মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের একটি মিছিলে উসকানিমূলক ও সহিংস স্লোগান দেওয়ার অভিযোগ ওঠেছে। মিছিল চলাকালীন “একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর” স্লোগান দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রশিবিরের কলেজ সভাপতি সাব্বির আহমদ।

আজ এক বিবৃতিতে সাব্বির আহমদ বলেন, “এ ধরনের উগ্র ও উসকানিমূলক স্লোগান কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিচয় বহন করে না; বরং এটি এক ধরনের মধ্যযুগীয় ও সহিংস মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ। প্রকাশ্যে এভাবে জবাই করার হুমকি দেওয়ার ভাষা কখনোই কোনো সভ্য সমাজের ভাষা হতে পারে না।”

শিক্ষাঙ্গনের পরিবেশ ও মুক্তবুদ্ধি চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “এই শিক্ষাপ্রতিষ্ঠান মূলত জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধি ও ভিন্নমতের সহাবস্থানের জায়গা। এটি কাউকে হত্যার হুমকি দেওয়ার মঞ্চ নয়। আজ ছাত্রদল শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে প্রকাশ্যে হত্যা ও রক্তপাতের স্লোগান দিচ্ছে। এর মাধ্যমে তারা মূলত শিক্ষা, মানবতা ও আইনের শাসনের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে।”

সাধারণ শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে কলেজ সভাপতি বলেন, “এদের (ছাত্রদল) হিংস্র ও উগ্র মনোভাব থেকে সাধারণ ছাত্রসমাজকে সর্বদা সাবধান থাকতে হবে।”

বিবৃতির শেষ অংশে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও দায়বদ্ধতার কথা উল্লেখ করে সাব্বির আহমদ হুশিয়ারি দিয়ে বলেন, “পরবর্তীতে এই উসকানিমূলক স্লোগানের সূত্র ধরে যদি ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তবে তার সম্পূর্ণ দায়ভার ছাত্রদলকেই নিতে হবে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন