চিকিৎসক অনুপস্থিতিতে বাড়ছে জনভোগান্তি


হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা সেবার মান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি কাঠামো অনুযায়ী একাধিক এমবিবিএস চিকিৎসক দায়িত্বে থাকার কথা থাকলেও, সরেজমিনে উপস্থিতি পাওয়া গেছে মাত্র একজন ডেন্টাল চিকিৎসককে। ফলে হাসপাতালের অধিকাংশ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে উপ-সহকারী মেডিকেল অফিসারদের মাধ্যমে।

রবিবার (১ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে হাসপাতাল পরিদর্শনে দেখা যায়, ডেন্টাল চিকিৎসক নিবেদিতা দেব উপস্থিত থাকলেও অন্য কোনো এমবিবিএস চিকিৎসককে নিয়মিত দায়িত্ব পালন করতে দেখা যায়নি। জরুরি বিভাগেও চিকিৎসক সংকটের অভিযোগ রয়েছে।

হাসপাতালের এক ভুক্তভোগী রোগী রাশেদুজ্জামান বলেন, সাধারণ রোগীরা বুঝতেই পারেন না চিকিৎসা দিচ্ছেন পূর্ণাঙ্গ ডাক্তার নাকি মেডিকেল সহকারী। এতে রোগীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হচ্ছে। তিনি অভিযোগ করেন, জরুরি বিভাগ ঘুরেও তিনি কোনো এমবিবিএস চিকিৎসকের সাক্ষাৎ পাননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর জানান, হাসপাতালে মোট ৪৫টি পদ রয়েছে এবং সরকারি হিসাবে ২১ জন চিকিৎসক কর্মরত আছেন। ৪৮তম বিসিএস থেকে ১২ জন চিকিৎসক পদায়ন পেয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। তবে নির্দিষ্ট সময়ে কতজন চিকিৎসক উপস্থিত ছিলেন—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

দুপুর সোয়া ১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে উপস্থিতির তালিকা পাওয়ার অপেক্ষায় থাকলেও সাংবাদিককে কোনো তথ্য দিতে পারেননি।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট ও অনিয়মিত উপস্থিতির কারণে হাসপাতালের সেবার মান ব্যাহত হচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে পারেন বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন