চন্ডিছড়ায় সড়ক-সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে এমপির নির্দেশ

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল চুনারুঘাট উপজেলার রামগঙ্গা-চন্ডিছড়া এলাকায় পাহাড়ি ঢলে সৃষ্ট ভাঙন এলাকা পরিদর্শন করে সেতু ও সড়ক রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার বিকেলে তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সড়ক বিভাগের কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক কাজ শুরু করার আহ্বান জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডিছড়া এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। প্রায় এক মাস আগে সড়কের পাশের ছড়ার তীব্র স্রোতে কয়েক হাত এলাকা ধসে যায়। এতে সড়কের বড় একটি অংশ ঝুঁকির মুখে পড়ে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় সড়কের আরও বড় অংশ ছড়ার গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

এর আগে এমপি ফয়সল ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে কিছু প্রতিরোধমূলক কাজ শুরু হলেও সম্প্রতি আবারও পাহাড়ি ঢলের কারণে রামগঙ্গা সেতুর পূর্ব পাশের মাটি ও বালু সরে গিয়ে নতুন করে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে সেতু ও সংযোগ সড়ক মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

সোমবারের পরিদর্শনে গিয়ে এমপি ফয়সল দেখতে পান, সেতুর উভয় পাশের মাটি স্রোতের তোড়ে সরে গেছে। বিশেষ করে পূর্ব পাশে ভাঙনের মাত্রা বেশি হওয়ায় সেতুর স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণ, বালুর বস্তা ফেলা এবং প্রয়োজনীয় প্রতিরক্ষা দেয়াল নির্মাণের নির্দেশ দেন।

এ সময় তিনি বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ পথ। পাহাড়ি ঢলের কারণে সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হলে জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছাবে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হবে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন