হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে আলী সায়েদ নামে এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন, পাইপ ও একটি টমটম গাড়ি জব্দ করা হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার।
অভিযানকালে নালমুখ বাজার সংলগ্ন এলাকায় সরকারি অনুমতি ছাড়া মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে আলী সায়েদকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ঘটনাস্থলে থাকা বালু পরিবহনের কাজে ব্যবহৃত প্রায় ২০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।
পরে দারাগাঁও টি এস্টেট সংলগ্ন দারাগাঁও গ্রামের একটি ছড়া থেকে অবৈধভাবে মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছালে বালু উত্তোলনের সঙ্গে জড়িত এক ব্যক্তি মেশিন ও পাইপ সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে তিনি ছড়ার ভেতর দিয়ে জঙ্গলে পালিয়ে যান।
এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়। পাশাপাশি মেশিন ও পাইপ পরিবহনে ব্যবহৃত একটি টমটম গাড়ি এবং প্রায় ১০০ ফুট পাইপ জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার ভূমি তৌফিক আনোয়ার জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
