চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কার্তুজসহ দেশীয় শটগান উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র‍্যাবের অভিযানে একটি দেশীয় শটগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সাতছড়ি এলাকার ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কের একটি কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব–৯, সিপিসি–৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ১০টা ১৫ মিনিটে র‍্যাব জানতে পারে সাতছড়ি এলাকায় একটি কালভার্টের আশপাশে শটগান রাখা হয়েছে। পরে র‍্যাবের একটি আভিযানিক দল রাত ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কালভার্টের আশপাশে তল্লাশি চালায়। এসময় কালভার্টের নিচে ঝোপের ভেতরে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা একটি দেশীয় একনলা শটগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে র‍্যাব। র‍্যাব–৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা শটগান ও কার্তুজ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন