
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)–এর জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ কর্মপরিকল্পনা (GESIAP) এর আওতায় দারিদ্র্য ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে চুনারুঘাটে মাসব্যাপী সেলাই ও নকশী কাঁথা তৈরি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণ শেষে মঙ্গলবার দুপুরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে বিনামূল্যে সেলাই মেশিন ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। তিনি প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের হাতে সেলাই মেশিন ও সার্টিফিকেট প্রদান করেন এবং স্বাবলম্বী জীবনের পথে এগিয়ে যেতে উৎসাহ দেন।
প্রশাসক জিয়াউর রহমান বলেন, নারী ও অনগ্রসর জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এই প্রশিক্ষণের দক্ষতা কাজে লাগিয়ে তারা ঘরে বসেই আয়ের পথ সৃজন করতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম, টিএইচও ডা: মোজাম্মেল হোসেন, পৌসরভার সহকারী প্রকৌশলী টিটন দাশ, হিসাবরক্ষণ কর্মকর্তা লিয়াকত আলী সহ সংশ্লিষ্ট প্রশিক্ষক, প্রকল্পের কর্মকর্তা, এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণার্থীরা বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে সন্তোষ প্রকাশ করে জানান, এই সহায়তা তাদের পরিবারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। অনুষ্ঠানের শেষে ২০ জনের মধ্যে সফল প্রশিক্ষণার্থী ১০জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়।