দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস ও অন্যান্য পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৩ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকভর্তি ধানের তুষের বস্তার ভেতরে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি সিমকার্ড সাপোর্টেড গাড়ি ট্র্যাকিং ডিভাইসও জব্দ করা হয়।

অপরদিকে, একই দিনে রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে রামনগর এলাকা থেকে ৫৬ কেজি ভারতীয় কাঁচা মরিচ জব্দ করে।

জব্দকৃত পণ্যের সিজার মূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা। এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন