ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশে সারাদেশে চলমান পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল থেকে উপজেলা পরিষদ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক গালিব চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মোজাম্মেল হোসেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেমা হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া চুনারুঘাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরাও অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

ব্যানারে লেখা ছিল-রাখিব চিরতরে পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিরোধ। উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী’র নির্দেশনায় সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে অনেক রোগ-জীবাণু থেকে রক্ষা পাওয়া সম্ভব। শুধু উদ্যোগ নয়, নিয়মিতভাবে অফিস-প্রাঙ্গণসহ প্রতিটি এলাকা পরিষ্কার রাখতে হবে। তিনি আরও বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত জরুরি। প্রতি শনিবার জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মোজাম্মেল হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ সময় স্থানীয়দের নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন