- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

দেশ সংস্কারের পরও সিলেটে বদলায়নি পুলিশের লোগো

দেশজুড়ে প্রশাসনিক সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরও সিলেটে পুলিশের মামলার কাগজে এখনো পুরোনো লোগো ব্যবহারের অভিযোগ উঠেছে। একই ঘটনায় মামলা দেওয়ার সময় এক মোটরসাইকেল আরোহীর রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ার অভিযোগও পাওয়া গেছে।

রোববার (২ মার্চ) ইফতারের পর টিলাগড় পয়েন্টে, এমসি কলেজ সংলগ্ন এলাকায় দায়িত্ব পালনকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর একটি টিম তিন মোটরসাইকেল আরোহীকে মামলা দেয়। পরে মামলার কাগজে পুলিশের পুরোনো লোগো ব্যবহারের বিষয়টি নজরে আসে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

মামলা পাওয়া মোটরসাইকেল আরোহী ইমরান আহমেদ ইমু বলেন, দীর্ঘ ১৩ বছর প্রবাসে থাকার পর দেশে ফিরে তিনি বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করেছেন। তবে মামলার কাগজে পুরোনো লোগো দেখে বিস্মিত হয়েছেন।

ইমরানের অভিযোগ, মামলা লেখার সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা সৈকত আলী ইমন তাঁর রাজনৈতিক পরিচয় জানতে চান। তিনি নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস, পর্তুগাল শাখার আহবায়ক ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক হিসেবে যুক্ত বলে পরিচয় দেন। তিনি আরও জানান আমি আওয়ামীলীগ ফ্যাসিষ্ট এর আমলে কয়েকটি দলীয় মিথ্যা মামলায় প্রবাসে গিয়েও শান্তিতে থাকতে পারিনি। এরপর কর্মকর্তার আচরণে পরিবর্তন লক্ষ্য করেছেন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, “আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা সেখান থেকে চলে আসি। পরে মামলার কাগজটি দেখে বুঝতে পারি এখনো পুরোনো লোগো ব্যবহার করা হচ্ছে।”

তাঁর আরও অভিযোগ, দায়িত্ব পালনকালে উপস্থিত দুই কনস্টেবলের আচরণ নিয়েও তিনি সন্তুষ্ট ছিলেন না। পরে মামলার কাগজ পর্যালোচনা করে সেখানে পুলিশের পুরোনো মনোগ্রাম ব্যবহারের বিষয়টি দেখতে পান বলে জানান তিনি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার আহ্বান জানান।

উল্লেখ্য, প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীর ইউনিফর্ম ও মনোগ্রাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন লোগোতে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা সংযোজন করা হয়েছে, যেখানে ‘পুলিশ’ শব্দটি যুক্ত রয়েছে।

এ বিষয়ে জানতে সিলেট মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি এ বিষয়ে বক্তব্য দিতে চাননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন