‘ধর্মের উদ্দেশ্য সম্প্রীতি, মানবতা ও মনুষ্যত্ব প্রতিষ্ঠা’

পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আনোয়ারুল হক বলেছেন, ‘ধর্মের উদ্দেশ্য হচ্ছে সম্প্রীতি, মানবতা ও মনুষ্যত্ব প্রতিষ্ঠা। প্রকৃত ধর্ম মানুষকে বিভেদ নয়, শান্তি, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা দেয়।’

সোমবার (২০ জুলাই) রাতে ইসকন সিলেটে রথযাত্রা মহোৎসব উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানের শুরুতে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ইসকন সিলেটের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী।

সঞ্চালনা করেন দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী।

প্রধান অতিথি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্বোধনী পর্ব শেষে ইসকন ইয়ুথ ফোরামের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ভক্তিমূলক সংগীত, বিতর্ক অনুষ্ঠান, বৈদিক নাটক ও নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থী। পুরো অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন