ধর্মীয় বিষয়ে কটূক্তি ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ করায় লামাবাজার উদ্যম-২০ এর বাসিন্দা সুমন পাল নামে এক কানাডা প্রবাসীর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল ১৫ ডিসেম্বর, ২০২৫ তারিখ আনুমানিক সন্ধ্যা ৫:০০ ঘটিকার সময় এই হামলার ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সুমন পাল দীর্ঘদিন যাবৎ কানাডায় বসবাস করছেন। সুমন পাল তার অসুস্থ মাকে দেখতে এসে আজ তার করুন দশা। কিছু উগ্রপন্থী ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে উসকানিমূলক ও কটূক্তিমূলক বক্তব্য প্রদান করে। একজন সচেতন ও শান্তিপ্রিয় নাগরিক হিসেবে সুমন পাল এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। তার এই ন্যায়সংগত প্রতিবাদী অবস্থানকে কেন্দ্র করে স্থানীয় একটি স্বার্থান্বেষী ও উগ্রবাদী মহল তার ওপর ক্ষিপ্ত হয়।
এরই ধারাবাহিকতায়, গতকাল ১৫ ডিসেম্বর সন্ধ্যায় সুমন পাল যখন কুয়ারপার পয়েন্টে থেকে লামাবাজারস্থ বাসায় যাওয়ার পথে একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা ৮/১২ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সুমন পালের ওপর চড়াও হয়। তারা বলে তুই বেশি কথা বলিস? প্রতিবাদ করার সাহস পেলি কোথায় আজ এবং তাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুত্বর জখম করে। তার চিৎকার শুনে আশেপাশের লোক ও পথচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনতা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। এই হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষ, প্রবাসী সমাজ এবং প্রগতিশীল বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা আরো বলেছে যে, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, একটি প্রগতিশীল ও অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতেই প্রবাসীর ওপর এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় সুমন পালের পরিবারের পক্ষ থেকে তাদের নিরাপত্তার জন্য থানায় জিডি করার প্রস্তুতি চলছে। প্রবাসী নাগরিকের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাকস্বাধীনতার ওপর এমন নগ্ন হামলার বিরুদ্ধে দ্রত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন প্রবাসীরা।
