ধর্মপাশার বালিজুড়ি ট্র্যাজেডির ১৬ বছর, বদলায়নি যাতায়াতে দুর্ভোগ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বালিজুড়ি ট্র্যাজেডির ১৬ বছর পূর্ণ হলো আজ। ২০১০ সালের ৮ জুন শৈলচাপড়া হাওরে ট্রলারডুবিতে ১৬ জনের মর্মান্তিক মৃত্যু হাওরাঞ্চলের মানুষের স্মৃতিতে এখনও জ্বলজ্বল করছে। তবে দীর্ঘ বছরেও বদলায়নি ওই অঞ্চলের শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা।

জানা যায়, ২০১০ সালের ৮ জুন সকাল সোয়া ৯টার দিকে বালিজুড়ি গ্রাম থেকে যাত্রী নিয়ে একটি ট্রলার রওনা দেয়। শৈলচাপড়া হাওরের মাঝামাঝি পৌঁছালে ঝোড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের তিনজন, বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী, তিনজন নারী এবং পাঁচজন শিশুসহ মোট ১৬ জনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে স্থানীয় সরকার সহায়তা কর্মসূচির (এলজিএসপি) অর্থায়নে একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা দেওয়া হয়েছিল। তবে সেটি চোরাচালানে ব্যবহারের অভিযোগে বর্তমানে মধ্যনগর থানায় জব্দ অবস্থায় রয়েছে। ফলে শিক্ষার্থীদের জন্য বিকল্প নিরাপদ যাতায়াত ব্যবস্থাও কার্যকর নেই। তাদের দাবি, দ্রুত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হোক, যাতে ভবিষ্যতে এমন শোক বহন করতে না হয়।

এ বিষয়ে ইউএনও জনি রায় বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন