দেশব্যাপী ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে হবিগঞ্জের বানিয়াচংয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে “বানিয়াচংয়ের সচেতন সমাজ”-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সচেতন নাগরিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে ধর্ষণ ও হত্যার মতো নৃশংস অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি এবং দীর্ঘসূত্রতার কারণেই সমাজে অপরাধ বাড়ছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি কার্যকর করতে হবে।
কর্মসূচি পরিচালনা করেন জনাব আলী সরকারি কলেজের শিক্ষার্থী শাহরিয়ার খান নাফিজ। তিনি বলেন, “ধর্ষণ ও হত্যার মতো অপরাধ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। এসব অপরাধ দমনে কার্যকর বিচার ব্যবস্থার বিকল্প নেই।”
মানববন্ধনে বক্তব্য দেন বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থী তানভীর হোসেন অনিক, বিএফ শাহিন কলেজের শিক্ষার্থী আব্দুল মুহিত আকিব, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিসান রহমান এবং বাহুবল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আলীসহ আরও অনেকে। এ সময় সাংবাদিক আবু হানিফ বিন সাঈদ উপস্থিত ছিলেন।
বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, নিরপেক্ষ তদন্ত এবং অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নৈতিক শিক্ষা জোরদারের আহ্বান জানান তারা।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
