ডিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক কারবারি আটক

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিশেষ অভিযানে ১০৫ বোতল বিদেশি মদ, একটি মিনি পিকআপসহ এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাত ৪টার দিকে উপজেলার উত্তর ভবানীপুর এলাকায় মো. সাবু মিয়ার বাড়ির সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এসআই মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লাতু গ্রামের আব্দুল নূরের ছেলে মো. কাউসার (২১) কে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ১০৫ বোতল অবৈধ বিদেশি মদ এবং একটি মিনি পিকআপ জব্দ করা হয়। উদ্ধার করা মাদক ও জব্দকৃত গাড়ির  বাজারমূল্য ১৪ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন