সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ মুশফেকুর রহমান হবিগঞ্জ জেলার জেলা বিশেষ শাখা (ডিএসবি) কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) সকাল ১১টায় তিনি হবিগঞ্জে পৌঁছালে সার্কিট হাউজে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ।
এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে সশস্ত্র সালাম প্রদান করে। পরবর্তীতে ডিআইজি ডিএসবির বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং চলমান কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গোয়েন্দা তথ্য সংগ্রহের অগ্রগতি এবং অপরাধ দমনে ডিএসবির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তিনি কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন। এতে ডিআইজি দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা, জনগণের আস্থা অর্জন, গোয়েন্দা কার্যক্রমে গতি আনার তাগিদ দেন এবং সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ (বানিয়াচং সার্কেল), ডিআইও-১, ওসি ডিবি, সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আকস্মিক পরিদর্শন জেলা পুলিশের কার্যক্রমে গতি আনবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।
