দিনমজুর গাজী মিয়াকে গৃহ নির্মাণে সহায়তা দিল জেলা প্রশাসন

হবিগঞ্জের হাওরাঞ্চলে সাম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও সহায়সম্বলহীন পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বাসিন্দা দিনমজুর গাজী মিয়াকে গৃহ নির্মাণের জন্য এককালীন এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গাজী মিয়ার বসতবাড়ি সম্পূর্ণ পানিতে তলিয়ে যায় এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে (২ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এক লাখ টাকার অনুদানের চেক তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক বলেন, হাওর অঞ্চলের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে জেলা প্রশাসন বদ্ধপরিকর। গাজী মিয়ার মতো প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারগুলোকে পুনরায় স্বাবলম্বী করে তুলতে এবং তাদের পুনর্বাসনে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর তালিকা প্রণয়ন ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন