- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

দিরাই বাসস্ট্যান্ড এলাকায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগ

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের ব্যস্ততম বাসস্ট্যান্ড এলাকায় দোকান ও আবাসিক ঘরের আড়ালে দীর্ঘদিন ধরে কয়েকটি মিনি পতিতালয় পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দিনের আলোতেই অবাধে এই অনৈতিক কার্যক্রম চললেও রহস্যজনক কারণে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় কয়েকটি দোকান ও ভাড়া বাসায় প্রতিনিয়ত বহিরাগত নারী ও খদ্দেরের আনাগোনা লক্ষ্য করা যায়। এতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে এবং বিশেষ করে যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে। স্কুল-কলেজ পড়ুয়া কিশোরদের মধ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, আমরা বহুবার বিষয়টি নিয়ে মুখ খুলতে চেয়েছি, কিন্তু প্রভাবশালী একটি মহল জড়িত থাকায় কেউ কথা বলতে সাহস পাচ্ছে না।

আরেক স্থানীয় অভিভাবক বলেন, বাসস্ট্যান্ড এমনিতেই ব্যস্ত এলাকা। এখানে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড চললে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কোথায় যাবে?

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এলাকাবাসী একাধিকবার মৌখিকভাবে অভিযোগ জানালেও প্রশাসনের নিরব প্রশ্নের জন্ম দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল থাকা সত্ত্বেও কেন এই অনৈতিক কর্মকান্ড বন্ধ হচ্ছে না, তা নিয়ে জনমনে ক্ষোভ ও সন্দেহের দানা বাঁধছে। সচেতন নাগরিকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যতায় ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন বিষয়টি জানলাম তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন