সিলেটে বসবাসরত দিরাই-শাল্লাবাসীর সংগঠন দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে দিরাই-শাল্লা অঞ্চলের সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষার মানোন্নয়ন এবং হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. নাসিম হোসাইন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দিরাই-শাল্লা প্রাকৃতিক সম্পদ, কৃষি ও হাওরনির্ভর জীবনব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। কিন্তু দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ যোগাযোগব্যবস্থা, শিক্ষা এবং বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে হাওরাঞ্চলের মানুষের যাতায়াত, শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো এবং প্রত্যন্ত এলাকার মানুষের মৌলিক সেবা প্রাপ্তি সহজ করতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা জরুরি।
তারা বলেন, দিরাই-শাল্লার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সড়ক ও নৌযোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বৃদ্ধি, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি প্রান্তিক জনপদের উন্নয়ন বৈষম্য দূর করে স্থানীয় মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও আন্তরিক হতে হবে।
বক্তারা আরও বলেন, দিরাই-শাল্লার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতা জোরদার করার পাশাপাশি এলাকার সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদ স্থানীয় মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল লতিফ হোসেন ও বিন ইয়ামিন রাসেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুহি উদ্দিন, হাজী মো. সমুজ মিয়া এবং অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এনামুল মনোয়ার মোহন।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ আব্দুল হাই, বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার পীযূষ কান্তি তালুকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক বদরুল হুদা ও সাংবাদিক শাহজাহান চৌধুরী প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে দিরাই-শাল্লার উন্নয়ন সম্ভাবনা, স্থানীয় মানুষের প্রত্যাশা এবং এলাকার সার্বিক অগ্রগতিতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য পর্বে প্রধান অতিথি মো. নাসিম হোসাইন সংগঠনের অভিষেক উপলক্ষে প্রকাশিত ‘অভিষেক স্মারক-২০২৬’-এর মোড়ক উন্মোচন করেন। সংগঠনের প্রকাশনা সম্পাদক ও সাংবাদিক আশরাফ আহমেদ স্মারকটি সম্পাদনা করেন। স্মারক প্রকাশের মাধ্যমে সংগঠনের কার্যক্রম, লক্ষ্য ও উন্নয়ন ভাবনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ছাড়াও সিলেটে বসবাসরত দিরাই-শাল্লার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।