- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

দিরাইয়ে চোরাই মালামালসহ ভুয়া বিজিবি সদস্য গ্রেফতার

সুনামগঞ্জের দিরাইয়ে নিজেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য পরিচয় দিয়ে আবাসিক হোটেলে অবস্থান এবং হোটেলের মালামাল চুরির অভিযোগে মো. সাইফুর রহমান রুনেল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে বিজিবির লোগো যুক্ত পোশাক ও ব্যাগসহ চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার সাইফুর রহমান রুনেল সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট দুপুর আনুমানিক ৩টা ১২ মিনিটে রুনেল নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌরসভার জাকারিয়া আবাসিক হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। হোটেল কর্তৃপক্ষ তাকে ২০৩ নম্বর কক্ষ বরাদ্দ দেয়।

হোটেলে অবস্থানকালে তাকে প্রায়ই বিজিবির লোগো যুক্ত গেঞ্জি পরতে দেখা যায়। পরে ২০ আগস্ট বিকেল ৪টা ৩৮ মিনিটে বিজিবির লোগো যুক্ত পোশাক পরিহিত অবস্থায় একটি ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হওয়ার সময় কর্মচারী তার কাছে কোথায় যাচ্ছেন জানতে চাইলে তিনি বাইরে কাজ আছে বলে জানান। কাজ শেষে ফিরে আসবেন বলে কক্ষের চাবি হোটেল কর্মচারী ওবায়দুর মিয়ার কাছে রেখে চলে যান। তার ব্যাগ নিয়ে বের হয়ে যাওয়ার বিষয়টি হোটেল ম্যানেজারের সন্দেহ হলে তিনি কর্মচারীকে সঙ্গে নিয়ে ২০৩ নম্বর কক্ষটি খুলে দেখেন। এ সময় কক্ষের ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন, বাথরুমের একটি মিরর, একটি বেসিন সেলফ ও একটি তোয়ালে পাওয়া যায়নি।
পরে বিষয়টি হোটেল মালিক শাহ জাকারিয়া চৌধুরীকে জানানো হয়। তিনি সাক্ষী মো. আব্দুল কাইয়ুম সহ ছাতক থানাধীন জাউয়া বাজার এলাকা থেকে রুনেলকে আটক করে দিরাই থানায় নিয়ে আসেন। পরে তার কাছ থেকে হোটেল থেকে চুরি যাওয়া মালামাল শনাক্ত করা হয়।

দিরাই থানা পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে রুনেল নিজেকে সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেওয়ার কথা এবং বিজিবির পোশাক ব্যবহার করার বিষয়টি স্বীকার করেন। একই সঙ্গে হোটেলের কক্ষ থেকে টেলিভিশন, মিরর, বেসিন সেলফ ও তোয়ালে চুরি করার কথাও স্বীকার করেন বলে পুলিশ জানায়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তি নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে হোটেলে অবস্থান করছিলেন। তার কাছ থেকে বিজিবির লোগোযুক্ত পোশাক ও ব্যাগসহ চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দিরাই থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সরকারি বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কেউ প্রতারণা করছে কি না, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ ঘটনায় দিরাই থানায় চুরি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। কেউ যদি নিজেকে বিজিবি বা অন্য কোনো সরকারি বাহিনীর সদস্য পরিচয় দিলে প্রয়োজনে তার পরিচয়পত্র যাচাই করুন। সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন