সুনামগঞ্জের দিরাইয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশু দুটির বাবা কামরুলকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি সন্তান দুটিকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) উপজেলার পেরুয়া (মধুপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—মোহাদ্দেস (৭) ও তুলনা আক্তার (৪)। এর আগে গত ১০ আগস্ট বিকেল থেকে বাবা কামরুলসহ শিশু দুজন নিখোঁজ ছিল। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের পর তাদের সন্ধানে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে দুই শিশুর মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শিশু দুটির বাবা কামরুলকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সন্তান দুটিকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কী কারণে এবং কীভাবে শিশু দুটিকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তদন্তের স্বার্থে পুলিশ এখনই প্রকাশ করেনি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজন ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
