- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

দিরাইয়ে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে উত্তাপ, ইউএনও অপসারণের দাবি ছাত্রদলের

সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকারকে অপসারণের দাবি জানিয়েছ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে এ দাবিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের নেতাদের অভিযোগ, ফ্যামিলি কার্ড কর্মসূচির জনবল নিয়োগে নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তারা দাবি করেন, রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ পরিবারের কয়েকজনকে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

দিরাই সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া অভিযোগ করেন, ইউএনও স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে ছাত্রলীগ ও আওয়ামী লীগ পরিবারের ১৪ থেকে ১৫ জনকে নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

সালমান মিয়া বলেন, লিখিত ও মৌখিকভাবে অভিযোগ দেওয়ার পরও কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছি। ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।

অভিযোগের বিষয়ে ইউএনও সনজিব সরকার বলেন, ফল প্রকাশের পর ছাত্রদলের নেতা-কর্মীরা তার কাছে এসে নিয়োগে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ করেছেন। বিষয়টি যাচাই করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি বলেন, আমি তো কাউকে চিনি না। সত্যতা পাওয়া গেলে আমরা বাদ দিয়ে দেব।
ইউএনও আরও বলেন, দিরাই-শাল্লার সংসদ সদস্য নাছির চৌধুরীর সঙ্গে পরামর্শ করে নিয়োগ কমিটি কাজ করছে। এখনো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। ছাত্রদলের অভিযোগ খতিয়ে দেখা হবে। তবে মঙ্গলবারের অবস্থান কর্মসূচির বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না।

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান সাজু, সদস্যসচিব তানবির চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন