- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

দিরাইয়ে মাদকের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলুন: ওসি আমিনুল 

মাদকের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলুন মাদকবিরোধী মতবিনিময় সভায় আহ্বান জানিয়েছেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।

রোববার (৬ সেপ্টেম্বর) দিরাই উপজেলার চনারচর ইউনিয়নে শ্যামারচর হাইস্কুল মাঠে মাদকের বিরুদ্ধে আয়োজিত সভায় বক্তব্য দেন দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম। এ সময় তিনি মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে উপস্থিত জনসাধারণকে সচেতন করেন। বক্তব্যে তিনি বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদক দ্রব্যের অবৈধ ব্যবহার, ক্রয়-বিক্রয় ও পাচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে ওসি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রতিটি পরিবার থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে সমাজ থেকে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্যও তিনি জনগণের প্রতি আহ্বান জানান।সভায় উপস্থিত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন