সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ৫ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাজানগর ইউনিয়নের হরনগর, হাজারিপুর, নওয়াগাঁও (আংশিক) ও হরনগর গুচ্ছগ্রাম এলাকায় স্থানীয়ভাবে গঠিত মাদক নির্মূল কমিটির উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-হাজারিপুর, নওয়াগাঁও গ্রামের আজমত আলীর ছেলে শাহীনুর এবং গছিয়া জটিচরের গৌতম দাস।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে কয়েকটি গ্রামের স্থানীয়দের সমন্বয়ে মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার জন্য রাজনৈতিকভাবে প্রভাবশালী কয়েকজন ব্যক্তি চেষ্টা করেছিলেন বলে স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে তিন গ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করেন এবং মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করেন বলে জানা গেছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ইন্ডিয়ান মদসহ এদের থানায় আনা হয়েছে। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে। মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে প্রশাসনকে সহযোগিতা করায় স্থানীয়দের ধন্যবাদ জানাই।
স্থানীয়রা জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। পাশাপাশি মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
