সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের কর্ণগাঁও বাজারে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনারায়ণপুর গ্রামের মাদকবিরোধী যুবক ও ইতালি প্রবাসী মো. এনামুল হকের উদ্যোগে এবং করিমপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে করিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিল মিয়া সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদরুল।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ধানের শীষের প্রধান এজেন্ট, দিরাই-শাল্লা সংসদ সদস্য জননেতা নাছির উদ্দীন চৌধুরীর একান্ত সচিব সাংবাদিক রুদ্র মিজান।
প্রধান অতিথির বক্তব্যে রুদ্র মিজান বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি মাদকবিরোধী এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় যুবসমাজকে সচেতনতা তৈরিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিরাই থানার এসআই আসাদুল ইসলাম ও এসআই মোফাজ্জল। তারা বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণ ও যুবসমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকসংক্রান্ত কোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন করিমপুর ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল মিয়া, করিমপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আওলাদ, দিরাই উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল ওয়াদুদ, রাজী মিডিয়ার পরিচালক আব্দুল্লাহ রাজী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রদল নেতা জুনেদ মিয়া, পৌর বিএনপির মিলিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুব সমাজের সদস্যরা।
পরে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি কর্ণগাঁও বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
