দিরাইয়ে নারী ফুটবলার বনফুলের ওপর হামলা, দুইজন গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলা মহিলা দলের ফুটবলার বনফুলের ওপর হামলার ঘটনায় দিরাই উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শুক্রবার সকালে নিয়মিত অনুশীলনে যাওয়ার পথে এলাকার কয়েকজন যুবক তার গতিরোধ করে মারধর করে বলে অভিযোগ উঠেছে।

গুরুতর আহত অবস্থায় বনফুলকে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বনফুলের মা দিরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগের পরপরই পুলিশ অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত ১ নং আসামি বাদশা মিয়া ২নং আসামী আবুল কালাম কে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বনফুল সুনামগঞ্জের দিরাই উপজেলার চরণাচর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা এবং দিরাই মহিলা ফুটবল ক্লাব স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব নিয়মিত খেলোয়াড়, পাশাপাশি সুনামগঞ্জ জেলা মহিলা দলের একজন নিয়মিত ফুটবলার। একজন নারী ক্রীড়াবিদের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় ক্রীড়াঙ্গন, সচেতন নাগরিক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়রা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন