সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক অভিযানে ৯৬ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি এবং মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট চারজনকে গ্রেফতার করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) পুলিশ সুপার, সুনামগঞ্জের নির্দেশক্রমে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ দিরাই উপজেলার ৪নং চরনারচর ইউনিয়নের পেরুয়া বক্তারপুর এলাকায় শামীম মিয়ার বাড়ির পশ্চিম পাশে একটি কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবাসহ হুমায়ুন কবির (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। তিনি শাল্লা উপজেলার আটগাঁও পশ্চিমপাড়া এলাকার নুর মিয়ার ছেলে।
অপরদিকে, এএসআই (নিঃ) সুব্রত পাল সঙ্গীয় ফোর্সসহ দিরাই উপজেলার ৩নং রাজানগর ইউনিয়নের গচিয়া বাজারের মাছ বাজারের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে মো. সজিব মিয়া (৩৮) নামে একজনকে গ্রেফতার করেন। তিনি গচিয়া গ্রামের মৃত আকিল মাহমুদের ছেলে।
এছাড়া পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। এসআই (নিঃ) মো. আসাদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ঘাগটিয়া গ্রামের রম উল্লা ওরফে করিমের ছেলে হাছন মিয়া (৩৫)-কে গ্রেফতার করেন।
একই এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ জিআর পরোয়ানাভুক্ত অপর আসামি হোছন মিয়া (৩০)-কে গ্রেফতার করেন। তিনিও ঘাগটিয়া গ্রামের রম উল্লা ওরফে করিমের ছেলে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাদক, অপরাধ ও জনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে দিরাই থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
