সুনামগঞ্জের দিরাইয়ে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দিরাই সাংবাদিক ইউনিয়ন।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৬টায় দিরাই বাজারে অসহায় ও সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। পরে দিরাইয়ের টেস্টি ট্রিটে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিরাই সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা সাংবাদিক মোঃ বদরুজ্জামান বদরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল হাসান মিটু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমরান আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান লাল মিয়া, বিএনপি নেতা মুসলেহ উদ্দিন, জিয়া মঞ্চের আহ্বায়ক কোহিনুর মিয়া, মাওলানা নুরজামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মৃতিচারণ করে জগদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান লাল মিয়া বলেন, সাংবাদিক টিপু সুলতান ছিলেন দিরাইয়ের সাংবাদিকতা অঙ্গনের পরিচিত মুখ। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম, আদর্শ ও মানুষের প্রতি ভালোবাসা তাঁকে স্মরণীয় করে রাখবে।
তিনি প্রয়াত সাংবাদিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন আয়োজন করায় দিরাই সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
দিরাই সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল হাসান মিটু বলেন, সাংবাদিক টিপু সুলতান দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবে সাংবাদিকতা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মময় জীবন ও স্মৃতি নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রয়াত সাংবাদিকদের অবদান স্মরণ করা এবং তাঁদের জন্য দোয়া করা সবার নৈতিক দায়িত্ব।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমরান আহমদ বলেন, প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মৃতি ধরে রাখা এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়েছে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও শ্রদ্ধাবোধ বজায় রাখার পাশাপাশি প্রয়াত সাংবাদিকদের অবদান স্মরণ করাও জরুরি।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তাঁর কর্ম ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
পরে মাওলানা জাকারিয়া হোসেনের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের রুহের মাগফিরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও কল্যাণ কামনা করা হয়।
উল্লেখ্য, সাংবাদিক টিপু সুলতান ২০১৬ সালে মৃত্যুবরণ করেন। তাঁর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিরাই সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
