- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৬

সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলায় তিনজন, মাদক মামলায় দুজন এবং সিআর পরোয়ানাভুক্ত একজনসহ মোট ছয় আসামিকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিরাই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশক্রমে দিরাই থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) কানন কুমার দাস ও সঙ্গীয় পুলিশ সদস্যরা দিরাই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহার নামীয় তিন আসামিকে গ্রেফতার করেন। তারা হলেন-সাজু ভৌমিক (২৬), রাজু ভৌমিক (৩৫) ও রাহুল ভৌমিক (৩২)। তাদের বাড়ি উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামে।

দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া এলাকার এলংজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে স্থানীয় জনতার সহায়তায় ৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ বাবুল চন্দ্র দাস (৬০) ও গোপেশ দাস (৫০) নামে দুজনকে গ্রেফতার করা হয়। শ্যামারচর-বাঘহাটি এলাকার বাসিন্দা।

এএসআই (নিঃ) প্রদীপ চন্দ্র বর্মন ও সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান চালিয়ে সিলেট মহানগরের শাহপরান (রহ.) থানার একটি মামলার সিআর পরোয়ানাভুক্ত আসামি রুবেল রায় (৩১)কে গ্রেফতার করেন। তিনি দিরাই উপজেলার কল্যাণী গ্রামের বাসিন্দা।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাদক, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে দিরাই থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন