- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

দিরাইয়ে ভূমি অফিসের গাড়িচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

সুনামগঞ্জের দিরাই উপজেলা ভূমি অফিসের এক গাড়িচালকের বিরুদ্ধে নামজারি করে দেওয়ার আশ্বাসে ১৫ হাজার ৮০০ টাকা নেওয়া এবং প্রায় তিন বছর ধরে দুই ব্যক্তিকে হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে। টাকা নেওয়ার পরও নামজারির কাজ সম্পন্ন না করা, কাগজপত্র ও টাকা ফেরত না দেওয়ার অভিযোগে অভিযুক্ত গাড়িচালক বিপ্লব বর্মনের বিরুদ্ধে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী হুমায়ূন কবির।

গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে দাখিল করা লিখিত অভিযোগে এ ঘটনার প্রতিকার চেয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের তারেক মাহমুদের নামে দুটি জমির নামজারি জরুরি ভিত্তিতে করে দেওয়ার আশ্বাস দেন বিপ্লব বর্মন। এ বিষয়ে আলোচনার একপর্যায়ে তিনি তাঁদের নিজের ভাই বিজয় বর্মনের দোকানে নিয়ে অনলাইনে নামজারির আবেদন করার ব্যবস্থা করেন। পরে বিকাশ ও নগদের মাধ্যমে তাঁদের কাছ থেকে মোট ১৫ হাজার ৮০০ টাকা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, টাকা গ্রহণের পর প্রায় তিন বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত নামজারির কাজ সম্পন্ন হয়নি। বরং তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা কোনোটিই ফেরত দেওয়া হয়নি। এ নিয়ে বারবার যোগাযোগ ও তাগাদা দেওয়া হলেও প্রতিবারই টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করা হয়েছে। কিন্তু সেই আশ্বাসের বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করছেন হুমায়ুন কবির।

এ ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে, উপজেলা ভূমি অফিসের একজন গাড়িচালক কীভাবে নামজারি করে দেওয়ার আশ্বাসে সাধারণ মানুষের কাছ থেকে টাকা গ্রহণের সুযোগ পেলেন? সরকারি দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মচারীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তা শুধু ব্যক্তিগত অনিয়মের বিষয় নয়, বরং ভূমি অফিসের স্বচ্ছতা ও জনসেবার পরিবেশ নিয়েও প্রশ্ন তৈরি করে।

ভূমি-সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষকে এমনিতেই নানা ভোগান্তির মুখোমুখি হতে হয়। এর মধ্যে সরকারি অফিসের পরিচয় ব্যবহার করে কেউ অর্থ গ্রহণ ও হয়রানি করে থাকলে তা অত্যন্ত উদ্বেগজনক। তবে অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।

ভুক্তভোগী হুমায়ূন কবির প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, টাকা ও কাগজপত্র ফেরত এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত বিপ্লব বর্মনকে একাধিক মোবাইল টেলিফোন করলে তিনি কল রিসিভ করেনি।

এ ব্যাপারে দিরাই উপজেলা নির্বাহী অফিসার সানজীব সাহা বলেন , আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন