দক্ষিণ সুরমায় শিশুর গলায় ছুরি ধরে মায়ের স্বর্ণালঙ্কার ছিনতাই

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকায় প্রকাশ্যে এক নারী ও তার শিশুসন্তানকে ছুরি ধরে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সকালবেলায় জনবহুল এলাকায় এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার বলছে, শিশু সন্তানের গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারীরা মুহূর্তের মধ্যেই স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটে গত ৬ মে সকাল সোয়া ৮টার দিকে চান্দাই পশ্চিমপাড়া পিরবাড়ি এলাকায়। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারীর স্বামী হোসাইন আহমদ।

অভিযোগ সূত্রে জানা যায়, হোসাইন আহমদের স্ত্রী শামিমা নাসরিন তাদের শিশুসন্তানকে নিয়ে স্থানীয় একটি মাদরাসায় যাচ্ছিলেন। পথে আক্তার মিয়ার ঘরের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে আসে। পরে একজন মোটরসাইকেল থেকে নেমে শিশুটির গলায় ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করে এবং অপরজন শামিমা নাসরিনের গলা চেপে ধরে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, ছিনতাইকারীরা একটি স্বর্ণের চেইন ও দুই জোড়া স্বর্ণের রিং নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সম্প্রতি দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ছিনতাই ও চুরি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের চলাচল নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা বাড়ছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদির বলেন, “সকালের বেলা যদি মা-বাচ্চা নিরাপদ না থাকে, তাহলে মানুষ কোথায় নিরাপদ থাকবে?” আরেক বাসিন্দা রেহানা বেগম বলেন, “ছোট শিশুর গলায় ছুরি ধরার মতো ঘটনা খুব ভয়ংকর। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা উচিত।”

এদিকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে  দক্ষিণ সুরমা থানার ওসিআশরাফুজ্জামান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং অভিযুক্তদের শনাক্তে পুলিশ কাজ করছে। তিনি বলেন, “অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন