সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুস সামাদ (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক আব্দুস সামাদ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এএসআই আশরাফ খানের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি অভিযানিক দল দোয়ারাবাজার উপজেলার দলেরগাঁও সাকিনস্থ মানিক মিয়ার পুকুরের উত্তর পাশে বিরিসিং যাওয়ার পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুস সামাদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেন দোয়ারাবাজার থানার এসআই মোঃ জানু মিয়া, এএসআই আশরাফ খান, এএসআই আলী আকবর ও এএসআই আমির হোসেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
