সংবাদ সম্মেলন
দোয়ারাবাজারে প্রতিপক্ষের অত্যাচারে অতিষ্ঠ ভুক্তভোগী পরিবার

​সুনামগঞ্জের দোয়ারাবাজারে মসজিদের সম্পদ চুরির প্রতিবাদ করায় একটি ভুক্তভোগী পরিবারের ওপর বর্বরোচিত হামলা, ভাঙচুর ও ৩৬ লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলার মাঝেরগাঁও গ্রামের ভুক্তভোগী পরিবার এই অভিযোগ করেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাঝেরগাঁও জামে মসজিদের সভাপতি আব্দুল জলিল। তিনি জানান, গত ১৯ মার্চ তার নিজ গ্রাম মাঝেরগাঁওয়ে মসজিদের মালামাল চুরির প্রতিবাদ করায় তার পরিবারের ওপর এই নৃসংস হামলা চালানো হয়।

লিখিত বক্তব্যে জানানো হয়, মাঝেরগাঁও জামে মসজিদের পানি তোলার মোটর, কম্প্রেসার, ব্যাটারি ও ব্রিটিশ আমলের দুটি মূল্যবান পিলার চুরির ঘটনায় আব্দুল ওদুদ নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করায় তিনি ক্ষিপ্ত হন। ১৯ মার্চ তারাবির নামাজের পর এ নিয়ে তর্কাতর্কি হলে ওদুদ ও তার সহযোগীরা মসজিদ সভাপতিকে প্রাণনাশের হুমকি দেয়।

​এরই জেরে ওইদিন রাত ৯টার দিকে আব্দুল ওদুদ, সদরুল ইসলাম ও নুরুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুল জলিলের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা নারী-পুরুষ নির্বিশেষে পরিবারের ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

আব্দুল জলিল অভিযোগ করেন, বাড়িতে পুরুষ সদস্যদের অনুপস্থিতির সুযোগে সন্ত্রাসীরা আলমারি ভেঙে প্রবাসে থাকা সন্তানদের পাঠানো ১০ ভরি স্বর্ণালঙ্কার (আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা), নগদ ৫ লক্ষ টাকা এবং ৫টি দামী মোবাইল ফোনসহ মোট ৩৬ লক্ষ ২০ হাজার টাকার মালামাল লুট করে। এছাড়া ঘরের ফ্রিজ, টেলিভিশন ও আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করা হয়।

সংবাদ সম্মেলনে আব্দুল জলিল আক্ষেপ করে বলেন, ‘মসজিদের সম্পদ রক্ষা করতে গিয়ে আজ আমার সাজানো পরিবার ধ্বংসের মুখে। আসামিরা প্রভাবশালী হওয়ায় তারা আপসের মিথ্যা আশ্বাস দিয়ে মামলা করতে কালক্ষেপণ করায়। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।’

​ভুক্তভোগী পরিবারটি লুণ্ঠিত মালামাল উদ্ধার ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সুনামগঞ্জের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তবে অভিযোগের বিষয় অস্বীকার করেছেন অভিযুক্তরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন