- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

দুর্গাপূজায় সড়কে শৃঙ্খলা জোরদারে বড়লেখায় ট্রাফিক পুলিশের সাথে ‘নিসচার জরুরি বৈঠক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সনাতন ধর্মাবলম্বীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশের সাথে জরুরি মতবিনিময় সভা করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৯ম দিনের মতো এ কার্যক্রম পরিচালনা করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯ টায় বড়লেখা পৌর শহরের স্থানীয় ট্রাফিক পুলিশ কার্যালয়ের সভাকক্ষে এই যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্গাপূজা চলাকালীন সড়ক দুর্ঘটনা রোধ, যানজট নিরসন এবং পূজামণ্ডপগুলোর সংলগ্ন রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন বলেন, “দুর্গাপূজা একটি বড় উৎসব। এই সময়ে সড়কে মানুষের চলাচল এবং যানবাহনের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়। বিশেষ করে মণ্ডপগুলোর আশেপাশে যাতে কোনো কৃত্রিম যানজট তৈরি না হয় এবং দর্শনার্থীরা যেন নিরাপদে যাতায়াত করতে পারেন, সেজন্য ট্রাফিক পুলিশ ২৪ ঘণ্টা মাঠে থাকবে। নিসচা-এর মতো জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবী কার্যক্রম আমাদের এই কাজে আরও গতি আনবে।”

মতবিনিময়ে নিসচা নেতারা বলেন, “পূজা উপলক্ষে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা এড়ানো আমাদের সবার দায়িত্ব। নিসচা-এর কর্মীরা উৎসবের দিনগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশকে সহায়তার জন্য সেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবে। বিশেষ করে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ এবং মণ্ডপের সামনে যত্রতত্র পার্কিং রোধে আমরা সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করব।”

সভায় আরও উপস্থিত ছিলেন ট্রাফিক সদস্য রুহুল আমিন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া, সদস্য সচিব জমির উদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রেদওয়ান আহমদ, যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান, জাহাঙ্গীর আলম, সদস্য রিন্টু মালাকারসহ ট্রাফিক পুলিশ ও নিসচার অন্যান্য নেতৃবৃন্দ।

উভয় পক্ষই একমত পোষণ করেন যে, সরকারি নির্দেশনা মেনে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এবার একটি যানজটমুক্ত ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন