আসন্ন কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, কোরবানির পশু আনা-নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে সরকার কঠোর অবস্থানে থাকবে। এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আগাম পরিকল্পনার কথাও তুলে ধরেন মীর শাহে আলম। তিনি জানান, রেললাইন ও সড়কের পাশে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না এ মর্মে নির্দেশনা দেওয়া হয়েছে। পশু পরিবহনের সময় যাতে মানুষের ভোগান্তি না হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হবে।
নিরাপত্তাব্যবস্থার বিষয়ে তিনি বলেন, হাটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীও মাঠে থাকবে। এ ছাড়া ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল হাট ব্যবস্থাপনায় সহায়তা করবে।
প্রতিমন্ত্রী আরও জানান, বিভিন্ন পক্ষের সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। হাট এলাকায় ওয়াচ টাওয়ার স্থাপন এবং নকল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
