- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

একা ভ্রমণকারী নারীর জন্য ১০ নিরাপদ দেশ

একা ভ্রমণের ইচ্ছা অনেক নারীরই থাকে। কিন্তু নিরাপত্তার চিন্তায় অনেক সময় সেই পরিকল্পনা থেমে যায়। তবে বিশ্বের কিছু দেশ রয়েছে, যেখানে নিরাপদ পরিবেশ, কম অপরাধ এবং সহজ যোগাযোগব্যবস্থার কারণে একা ভ্রমণকারীদের জন্য পথটা বেশ স্বস্তির। প্রকৃতি, শহর কিংবা ইতিহাস—সব ধরনের ভ্রমণের স্বাদ পাওয়া যাবে এসব দেশে। চলুন জেনে নেওয়া যাক একা ভ্রমণকারী নারীদের জন্য তুলনামূলক নিরাপদ ১০টি দেশের কথা।

১. আইসল্যান্ড
নিরাপত্তার দিক থেকে আইসল্যান্ডের নাম প্রায়ই সবার আগে আসে। দেশটিতে অপরাধের হার খুবই কম এবং স্থানীয়রাও বেশ বন্ধুত্বপূর্ণ। হিমবাহ, জলপ্রপাত আর অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের মাঝে একা ঘুরতে চাইলে আইসল্যান্ড হতে পারে দারুণ পছন্দ।

২. জাপান
শৃঙ্খলা আর নিরাপত্তার জন্য জাপানের বেশ সুনাম রয়েছে। দেশটির গণপরিবহনও খুবই উন্নত। একা ভ্রমণকারী নারীরা শহরে হাঁটাহাঁটি, রেস্তোরাঁয় খাওয়া কিংবা ট্রেনে এক শহর থেকে অন্য শহরে যাতায়াত—সবই বেশ সহজে করতে পারেন।

৩. পর্তুগাল
সুন্দর সমুদ্র, রঙিন শহর আর উষ্ণ আতিথেয়তার জন্য পর্তুগাল পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। লিসবন ও পোর্তোর মতো শহরে ঘুরে বেড়ানোর পাশাপাশি উপভোগ করা যায় দেশটির সংস্কৃতি ও খাবার। কম অপরাধ ও ভালো যোগাযোগব্যবস্থার কারণে একা ভ্রমণকারী নারীদের জন্যও এটি ভালো একটি গন্তব্য।

৪. সিঙ্গাপুর
ছোট দেশ হলেও নিরাপত্তা ও পরিচ্ছন্নতার দিক থেকে সিঙ্গাপুর বেশ এগিয়ে। কঠোর আইন, উন্নত গণপরিবহন এবং আলোকিত রাস্তাঘাট একা ঘোরার ক্ষেত্রে বাড়তি স্বস্তি দেয়। শপিং, খাবার, বাজার কিংবা বোটানিক্যাল গার্ডেন—সবই ঘুরে দেখা যায় বেশ নিশ্চিন্তে।

৫. নিউজিল্যান্ড
প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে নিউজিল্যান্ড হতে পারে স্বপ্নের জায়গা। পাহাড়, সমুদ্র, হ্রদ আর সবুজে ভরা এই দেশে রয়েছে নিরাপদ পরিবেশও। রোড ট্রিপ, হাইকিং কিংবা হোস্টেলে একা থাকার মতো অভিজ্ঞতা নিতে চাইলে দেশটি বেশ আকর্ষণীয়।

৬. সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডের সৌন্দর্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। বরফঢাকা পাহাড় আর ছবির মতো শহরের পাশাপাশি দেশটির নিরাপত্তাব্যবস্থাও বেশ ভালো। দুর্দান্ত ট্রেন যোগাযোগের কারণে একা ভ্রমণকারীরা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন।

৭. ডেনমার্ক
নিরাপদ ও আধুনিক পরিবেশের জন্য ডেনমার্কও একা ভ্রমণকারী নারীদের তালিকায় জায়গা করে নিয়েছে। কোপেনহেগেনের সাইকেলপথ, সহজ গণপরিবহন এবং ইংরেজিতে কথা বলতে পারেন এমন স্থানীয়দের কারণে শহর ঘুরে দেখা বেশ সহজ।

৮. কানাডা
শুধু বড় শহর নয়, বিশাল প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও কানাডা বিখ্যাত। ভ্যাঙ্কুভার ও মন্ট্রিয়লের মতো শহরে ঘোরার পাশাপাশি জাতীয় উদ্যানগুলোতেও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। বন্ধুত্বপূর্ণ স্থানীয় মানুষ ও তুলনামূলক কম অপরাধের হার দেশটিকে একা ভ্রমণের জন্য আকর্ষণীয় করে তুলেছে।

৯. অস্ট্রিয়া
ইতিহাস, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের এক দারুণ মিশেল অস্ট্রিয়া। কম অপরাধের হার ও ভালো গণপরিবহনব্যবস্থার কারণে একা ভ্রমণকারীদের জন্যও দেশটি বেশ স্বস্তিদায়ক। ভিয়েনার ঐতিহাসিক স্থাপনা থেকে শুরু করে পাহাড়ি পথ—সবখানেই মিলবে ভ্রমণের নতুন অভিজ্ঞতা।

১০. ফিনল্যান্ড
নিরাপদ ও শান্ত পরিবেশের জন্য ফিনল্যান্ড একা ভ্রমণকারী নারীদের জন্য হতে পারে দারুণ একটি গন্তব্য। রাজধানী হেলসিঙ্কির সহজ গণপরিবহন, পরিচ্ছন্ন শহর আর বন্ধুত্বপূর্ণ পরিবেশ ভ্রমণকে করে তোলে স্বস্তিদায়ক। শহরের বাইরে গেলে রয়েছে ঘন বন, অসংখ্য হ্রদ আর শীতকালে নর্দার্ন লাইটস দেখার সুযোগ। তাই নিরাপত্তার পাশাপাশি প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে ফিনল্যান্ড হতে পারে তালিকার অন্যতম সেরা পছন্দ।

একা ভ্রমণে একটু বাড়তি সতর্কতা
নিরাপদ দেশ হলেও ভ্রমণের সময় কিছু সাধারণ সতর্কতা মেনে চলা জরুরি। স্থানীয় আইন-কানুন জেনে নেওয়া, জরুরি নম্বর সঙ্গে রাখা এবং থাকার জায়গা আগে থেকে ঠিক করে রাখলে ভ্রমণ আরো নিশ্চিন্ত হতে পারে। তাই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ার আগে শুধু গন্তব্য নয়, নিজের নিরাপত্তার দিকটাও মাথায় রাখুন। একা ভ্রমণ হোক আনন্দের, স্মরণীয় এবং নিরাপদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন