
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ শিক্ষার্থীদের জন্য আসছে টানা প্রায় এক মাসের দীর্ঘ ছুটি। পবিত্র ঈদুল আযহা, গ্রীষ্মকালীন অবকাশ এবং বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ মে থেকে ৪ জুন পর্যন্ত সব ধরনের ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে ১৭ মে থেকে ৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মূলত ২৫ দিনের ছুটি নির্ধারিত থাকলেও এর সঙ্গে সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) যুক্ত হওয়ায় মোট ছুটির পরিমাণ দাঁড়াচ্ছে ২৯ দিনে। অর্থাৎ ৮, ৯ মে এবং ৫, ৬ জুন—এই চার দিন সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে শিক্ষার্থীরা টানা দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পাচ্ছেন।
দীর্ঘ এই ছুটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের সময় কাটাতে নিজ নিজ বাড়িতে যাওয়ার পরিকল্পনা করছেন, আবার কেউ কেউ ভ্রমণ কিংবা ব্যক্তিগত কাজে সময় ব্যয় করার পরিকল্পনা করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, ছুটি শেষে শিক্ষার্থীরা নবউদ্যমে একাডেমিক কার্যক্রমে ফিরে আসবে।