- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

এক সপ্তাহে সৌদিতে ১৭ হাজার প্রবাসী গ্রেফতার

সৌদিতে ব্যাপকভাবে অভিযান চালানো হয়েছে। এ অভিযানে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ১১ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় সমন্বিত তল্লাশি ও অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম ওকাজের বরাতে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ১৯০ জন আবাসন (ইকামা) আইন লঙ্ঘনকারী রয়েছেন। এছাড়া ৩ হাজার ৮০১ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গকারী এবং দুহাজার ৮৮৯ জন শ্রম আইন লঙ্ঘনকারী।

প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী পদক্ষেপ হিসেবে ২০ হাজারের বেশি আইনভঙ্গকারীকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ৫ হাজার ৮০ জনকে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার ৬৬১ জনকে দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অভিযান চলাকালে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ১ হাজার ৫০৯ জনকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ৪৪ শতাংশ ইয়েমেনি, ৫৫ শতাংশ ইথিওপীয় এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ৪০ জনকে আটক করা হয়েছে।

অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা কাজের সুযোগ দেওয়ার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, বর্তমানে ২৯ হাজার ৭৭১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ২৮ হাজার ১৯৮ জন পুরুষ ও ১ হাজার ৫৭৩ জন নারী রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ, পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এ ছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন ও অবৈধভাবে আশ্রয় দেওয়া সম্পত্তি জব্দ করা হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন