সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও বিয়ানীবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর তপন কান্তি ধরের স্মরণে শোকসভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এমসি কলেজের রসায়ন বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়।
রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মাহমুদা আলমের সভাপতিত্বে এবং বিভাগের সহকারী অধ্যাপক সুজিত চন্দ্র দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।
স্মৃতিচারণ করে বক্তব্য দেন প্রফেসর তপন কান্তি ধরের সমসাময়িক সহকর্মী ও এমসি কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রফেসর রণধীর দত্ত, রসায়ন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও জকিগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সুধাংশু শেখর তালুকদার, রসায়ন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবির, সিলেট সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য, এমসি কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর শাহ বদরুল আলম এবং প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ ইসলাম উদ্দিন।
কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে স্মৃতিচারণ করেন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক ও সার্ক ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন ফারুক, যুগ্ম আহবায়ক স্বপন কুমার রায় এবং পুলিশ ইন্সপেক্টর ও যুগ্ম আহবায়ক দেবাংশু পাল।
বক্তারা জানান, প্রফেসর তপন কান্তি ধর ছিলেন একাধারে একজন আদর্শ শিক্ষক, দক্ষ প্রশাসক এবং সফল মানুষ। রসায়ন বিভাগের উন্নয়নে এবং অগণিত শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকসভায় রসায়ন বিভাগের শিক্ষক, অ্যালামনাই সদস্য ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। শুরুতে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শেষে তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা হয়।
