নবীগঞ্জ উপজেলার অবহেলিত এনায়েতগঞ্জ, কাজিরবাজার ও কাদিরগঞ্জ সড়কের সংস্কার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার সকাল থেকে হবিগঞ্জ-১ আসনের (নবীগঞ্জ-বাহুবলের) সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার একক ও নিজস্ব উদ্যোগে এই গুরুত্বপূর্ণ সড়কটির মেরামতের পদক্ষেপ নেওয়া হয়। দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তাটির সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ও সন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি খানাখন্দে ভরা ও বেহাল অবস্থায় পড়ে ছিল। বর্ষা মৌসুমে কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ত, যার ফলে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি অনুধাবন করে ড. রেজা কিবরিয়া এমপি দ্রুত জনভোগান্তি নিরসনে নিজস্ব উদ্যোগে রাস্তাটি সংস্কারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।
বর্তমানে দ্রুতগতিতে সড়কটির সংস্কার কাজ এগিয়ে চলছে। স্থানীয় জনগণ জানান, রাস্তাটির কাজ শেষ হলে এই অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি যাতায়াত ব্যবস্থায় গতি ফিরবে।
এ বিষয়ে এলাকাবাসী ড. রেজা কিবরিয়া এমপির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনস্বার্থে তাঁর এই ধরনের উন্নয়নমূলক কাজ এলাকায় প্রশংসিত হচ্ছে। সংস্কার কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের তদারকি অব্যাহত রয়েছে।
